বগুড়ায় আগাম আলু তুলে বাজারে বিক্রি করতে গিয়ে কৃষকদের মুখের হাসি মলিন হয়ে যাচ্ছে। বাজারে আলুর দামে বড় ধস নামায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা। গত বছরের তুলনায় এবার উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কমেছে ফলন।
শুক্রবার, ২৬ ডিসেম্বর সকালে মাঠে সরেজমিনে দেখা যায়, ভোর থেকে আলু তোলার কাজে ব্যস্ত কৃষকরা। মাঠ থেকে আলু তুলে পরিষ্কার করে বস্তায় ভরে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। আবার কেউ মহাস্থান হাটে নিয়ে গিয়ে বিক্রি করছেন। তবে এই শ্রম ও বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত দাম মিলছে না।
কৃষকরা জানান, গত বছর আগাম আলু প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ৪শ টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতো। সেসময় বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকার পরেও কৃষকরা তুলনামূলক ভালো দাম পেয়েছিলেন।
অপরদিকে চলতি বছর নতুন আগাম আলু বিক্রি হচ্ছে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকায়, যা কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা। এ দামে উৎপাদন খরচ উঠছে না বলে দাবি কৃষকদের।
চাষীরা জানান, চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে। এক বিঘা জমিতে আলু চাষ করতে যেখানে গত বছর তুলনামূলক কম খরচ হয়েছিল, সেখানে এবার খরচ বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ বাজারে দাম কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
শিবগঞ্জ উপজেলার তেঘরি মহল্লার কৃষক ছামছুল ইসলাম বলেন, গত বছর আগাম আলুতে ভালো দাম পেয়েছিলাম। এবার সব খরচ বেড়েছে, কিন্তু আলুর দাম একেবারে পড়ে গেছে। কম দামে আলু বিক্রি করলে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে।
পাইকারদের ভাষ্য অনুযায়ী, বাজারে এখনও বিপুল পরিমাণ পুরনো আলু মজুত থাকায় নতুন আলুর প্রতি আগ্রহ কম।
মহাস্থান হাটে পাইকার সাকিরুল ইসলাম বলেন, গত বছরের আলু সারা বছর কম দামে বিক্রি হয়েছে এবং অনেক পুরোনো আলু এখনও বাজারে আছে। তাই নতুন আলুর দাম চাপের মধ্যে আছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর প্রায় ২ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ১৭ টন ফলন পাওয়া যাচ্ছে। তবে বাজারে পুরনো আলুর সরবরাহ বেশি থাকায় নতুন আগাম আলুর দাম তুলনামূলক কম।
এ বিষয়ে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান বলেন, গত বছর আলুর দাম সারা বছর কম থাকায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছিল। এ বছর ৫৫ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়, যেখানে গত বছর চাষ হয়েছিল ৬০ হাজার ৪৩৫ হেক্টর।
তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কৃষকদের আলু চাষ কমিয়ে সরিষা বা অন্যান্য লাভজনক ফসলের দিকে ঝুঁকতে পরামর্শ দেয়া হয়েছিল। তবে বাস্তব পরিস্থিতিতে অনেক কৃষক সেভাবে মানিয়ে নিতে পারেননি।
এদিকে ন্যায্য দামের অপেক্ষায় কৃষক বর্ধিত উৎপাদন খরচ, কম দাম ও অনিশ্চিত বাজার পরিস্থিতিতে বগুড়ার আলুচাষিরা এখন ন্যায্য দামের আশায় দিন গুণছেন।
পতাকানিউজ/পিএম/আরবি

