চট্টগ্রামের সমালোচিত জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর মুখের লাগাম টানা যাচ্ছে না। একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়েই চলেছেন চট্টগ্রাম মহানগর জামায়াত আমিরের পদ হারানো এই নেতা। সম্প্রতি তার আরো একটি নতুন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবারও যথারীতি তাকে নিয়ে ব্যাপক হাস্যরসাত্মক আলোচনা শুরু হয়েছে। স্বয়ং দলটির নেতা-কর্মীরা ‘চৌধুরী সাহেবের’ বক্তব্যে চরম বিব্রত।
বুধবার, ২৬ নভেম্বর তার আরো একটি বক্তব্য ভাইরাল হয়। সেখানে তাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়, ‘আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহতালা আমাকে এইরকম মর্যাদা দিয়েছে।’
গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন বলে চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা ও স্থানীয়দের তরফে নিশ্চিত হওয়া গেছে।
এতে শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি।
তিনি আরও বলেন, আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতী আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই। এখানে আর কোনো মার্কা নাই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা। বক্তব্যে তিনি যোগ করেন।
পতাকানিউজ/কেএস

