দুজনই কণ্ঠ শিল্পী। দুজনই অভিনয় করেন। এবার তারা দুজন নতুন একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধেছেন। বলছি প্রীতম এবং জেফার রহমানের কথা। তারা দুজনেই প্রথমবার ওয়েব ফিল্মে একসঙ্গে অভিনয় করছেন। নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে তাদের এই অনন্য জুটি পর্দায় দেখা যাবে।
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন শিহাব শাহীন এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে অফিসিয়ালি মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
এই জুটির আগে শিহাব শাহীনের পরিচালনায় তাদের অভিনয় অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ, আর জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুবই সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকরা পছন্দ করবে।’
‘তুমি আমি শুধু’-তে আরও দেখা যাবে মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ ও আব্দুল্লাহ আল সেন্টুকে। শিহাব শাহীন পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও রচনা করেছেন।
জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান বাংলাদেশের বিনোদন জগতে তার বহুমুখী প্রতিভার জন্য সুপরিচিত। বাবা খালিদ হাসান মিলু এবং বড় ভাই প্রতিক হাসানও কণ্ঠশিল্পী। ২০১৫ সালে নিজের সঙ্গীত জীবন শুরু করে তিনি গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে নাম করেছে।
গানের পাশাপাশি প্রীতম অভিনয়েও প্রতিভা রেখেছেন। তিনি ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে কাজ করেছেন। অভিনয়ের জন্য তিনি বিভিন্ন পুরস্কারেও সম্মানিত হয়েছেন।
জেফার রহমান জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেত্রী, গীতিকর ও ইউটিউবার, যিনি তরুণ প্রজন্মের কাছে স্বতন্ত্র প্রতিভা হিসেবে পরিচিত। গান, সুর ও মিউজিক ভিডিওর মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন।
-পতাকানিউজ

