পপস্টার লেডি গাগা এবার যুক্ত হচ্ছেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ওয়েনসডে’-এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বে। জেনা অর্টেগার সঙ্গে স্ক্রিন শেয়ার করার পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন সিরিজটির জন্য তাঁর নতুন গান ‘দ্য ডেড ড্যান্স’। যদিও চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি, তবে সম্প্রতি নিউইয়র্ক সিটির গুয়াস্তাভিনো’সে স্পটিফাইয়ের আয়োজিত গ্রেভইয়ার্ড গালা-তে উপস্থিত হয়ে গাগা গানটির বিষয় প্রকাশ করেন।
নেটফ্লিক্সের অফিশিয়াল প্ল্যাটফর্ম টুডুম জানিয়েছে, ইভেন্টে হঠাৎ গাগার আগমন দর্শকদের উচ্ছ্বসিত করে তোলে। উপস্থিতরা গানটির একটি অংশ শুনতে পেলেও পুরো ট্র্যাক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সিরিজের আসন্ন এপিসোডগুলোতে।
শোয়ের প্রযোজক টিম বার্টন এ সময় লেডি গাগার প্রশংসা করে বলেন, তিনি সংগীত ও অভিনয়, দুই ক্ষেত্রেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
গাগা জানিয়েছেন, গানটি একটি ব্রেকআপ থেকে অনুপ্রাণিত হলেও এর সুর প্রাণবন্ত ও আনন্দমুখর। তাঁর ভাষায়, ‘এটা সেই সময়ের কথা বলে, যখন মনে হয় ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু বন্ধুদের সঙ্গে আবার আনন্দ খুঁজে পাওয়া যায়।’
অন্যদিকে, দ্বিতীয় সিজনে দেখা যাবে ওয়েনসডে কোমা থেকে জেগে ওঠে—যেখানে টাইলার তাকে জানালা দিয়ে ফেলে দিয়েছিল। দর্শকরা আবার ফিরে পাবেন প্রিয় চরিত্র প্রিন্সিপাল উইমসকেও।
আগামীকাল (৩ সেপ্টেম্বর) নেটফ্লিক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘ওয়েনসডে’–এর দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্ব এবং লেডি গাগার নতুন গান ‘দ্য ডেড ড্যান্স’।
পতাকানিউজ/ওয়াইএস

