দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে তাকে প্রধানমন্ত্রী করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
কোথায় কী কর্মসূচি
বুধবার, ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় মন্ত্রীসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলা ১২টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। সেখান থেকে বেলা ১২টা ৪০ মিনিটে যাত্রা করবেন সচিবালয়ে। সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক করবেন। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এদিকে নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে নতুন প্রধানমন্ত্রীর জন্য। আর ২০০ নম্বর কক্ষটি সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের আগমন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে সচিবালয় ও আশপাশের এলাকায়। ১ নম্বর ভবনের সামনের এলাকা যানবাহনমুক্ত করে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। অন্যান্য ভবনগুলোতেও মন্ত্রীদের নামফলক বসানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
পতাকনিউজ/আরবি

