আরও একটি হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার, ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আওয়ামী লীগের এই চার নেতাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. ইয়াছির আরাফাত বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বনানী এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে ফেরত পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। পরে চার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় গত বছর ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বেগম বনানী থানায় ৯৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে আওয়ামী লীগের এই চার নেতাকে আটক করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
পতাকানিউজ/এআই

