বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে দেওয়া তার বক্তব্য সাংবিধানিক দায়িত্ব ও রাষ্ট্রপতির শপথের পরিপন্থি বলে অভিযোগ এনে এ নোটিশ পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশ পাঠান। তিনি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে নোটিশটি প্রেরণ করেন।
আইনি নোটিশে বলা হয়েছে, জুলাইকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সচিবালয় ও আইন সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও আইনি নোটিশে সতর্ক করা হয়েছে।
-পতাকানিউজ

