ভারি বৃষ্টি ও উজানের ঢলে বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ভেসে আসছে অসংখ্য কাঠের টুকরা। আর এসব কাঠ সংগ্রহে ঢল নেমেছে নারী-পুরুষের। ইতিমধ্যে কাঠ সংগ্রহের এ দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ধারণা করা হচ্ছে, উজানের বনাঞ্চল থেকে পানির তীব্র স্রোতে গাছের বিভিন্ন ভাঙা অংশ ভেসে আসছে।
মঙ্গলবার, ৭ অক্টোবর সকাল থেকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহড়াবাড়ি থেকে মাধবডাঙা গ্রামের প্রায় ৭ কিলোমিটার এলাকায় নদী তীরবর্তী মানুষ নানা উপায়ে ভেসে আসা কাঠ সংগ্রহ করে তীরে তুলে স্তুপ করে রেখেছেন।
ভিডিওতে দেখা যায়, যমুনা নদীতে খড়কুটাসহ বিপুল সংখ্যক কাঠের টুকরা ও গাছের ছাল ভেসে আসছে। অনেকে নদীর পানিতে নেমে কিংবা নৌকা নিয়ে সেসব কাঠ সংগ্রহ করে তীরে তুলছেন। স্থানীয়রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেসে আসা কাঠের টুকরা সংগ্রহ করছেন।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘নদীর পানিতে যত দূর চোখ যায় শুধু কাঠ আর কাঠ। যে যেভাবে পারছে সংগ্রহ করছে। মাঝেমধ্যে মরা গরুও ভেসে আসছে। কাঠের উৎস নিশ্চিত না হলেও ভারতের দিক থেকেই আসছে বলে ধারণা করছি।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, ‘সকাল থেকে নদীর তীরবর্তী এলাকার শত শত নারী-পুরুষ কাঠের টুকরা সংগ্রহ করছেন। স্থানীয়দের কাছে এটি এক ধরণের উৎসবে পরিণত হয়েছে। কাঠের টুকরাগুলো কোন কাজে আসবে না। তবে স্থানীয়রা এগুলো খড়ি কিংবা জ্বালানি কাঠ হিসেবে সংগ্রহ করছেন। অনেকে কাঠের টুকরাগুলো রোদে শুকিয়ে নিজেদের জ্বালানির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করারও পরিকল্পনা করছেন।
পতাকানিউজ/পিএম/আরবি

