প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (চাকরিচ্যুত) মো. আফজাল নাছেরকে উত্তরা পূর্ব থানার এক ছাত্র হত্যা মামলায় ফের ২ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার, ২৭ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পিপি মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ, সোমবার ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ওই থানায় করা শিক্ষার্থী মাহমুদুল হাসান হত্যা মামলা তাকে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল চলাকালে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার মরদেহ নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বজন উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে শিক্ষার্থী হত্যার ঘটনায় আসামির সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্য যাচাই-বাছাই করার জন্য আসামিকে আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। ৩০ মার্চ তাকে ৬ দিনের রিমান্ডে নেয়া হয়। পরবর্তীতে পল্টন থানায় করা মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও ৩ দিন, ১২ এপ্রিল ২ দিন এবং ১৪ এপ্রিল ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ১৭ এপ্রিল দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
এরপর ২০ এপ্রিল দেলোয়ার হত্যা মামলায় আবার ৩ দিন রিমান্ডে নেওয়া হয়। পরে উত্তরা পূর্ব থানায় করা মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে গত ২৩ এপ্রিল ৪ দিনের রিমান্ডে নেয়া হয়।
এ নিয়ে ৯ দফা রিমান্ডে নেয়া হলো আফজাল নাছেরকে।
পতাকানিউজ/এএ/আরবি

