জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আবারও পিছিয়েছে। আগামী ২৬ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ মোট আসামি ২৮ জন।
বুধবার, ১৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। অপর সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
এর আগে গত ৮ এপ্রিল এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু প্রসিকিউশনের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাননি বলে জানান আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন শাইখ মাহদী।
পরে আজ বুধবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।
এ মামলায় উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন-সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার। এছাড়া স্থানীয় কাউন্সিলর, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।
বর্তমানে গ্রেপ্তার রয়েছেন চারজন। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
গত ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আসামিদের উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে নিরীহ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ মোট ৯ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন।
পতাকানিউজ/আরবি

