কক্সবাজারের চকরিয়ার চিরিংগা ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। বুধবার, ১ এপ্রিল সকাল সাড়ে ১১টায় উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুরিফা জান্নাত (৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১১টায় চারা বটতলী এলাকায় নানার বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি পুকুরের পাড়ে খেলতে যায় দুই বোন। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল।
পরে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।
পতাকানিউজ/এমজেসি/আরবি

