নওগাঁয় এক নারীসহ ভুয়া ৪ পুলিশ সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ সেট ডিএমপি পুলিশের পোশাক, এক সেট ডিবির জ্যাকেট, ২টি হ্যান্ডকাপ, ২টি ডেমো শর্টগান ও ২টি ডেমো পিস্তল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।
এর আগে বুধবার ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার দিকে ভুয়া পুলিশ পরিচয়দানকারীদের শহরের জলিল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়।এছাড়া একইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গণঅধিকার পরিষদের নেতা পরিচয়ে চাঁদাবাজির সময় নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া উত্তরপাড়া এলাকা থেকে ২ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ভুয়া পুলিশ সদস্যরা হলেন- ঢাকার উত্তর ভাটারা এলাকার আবুল বাসার শরিফের স্ত্রী সাবরিনা (২৯), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ পূর্বাচল এলাকার হাজী আহম্মেদের ছেলে সাইফুল ইসলাম জিন্নাত (৪৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কুলিয়াদি এলাকার গিয়াসউদ্দিনের ছেলে দ্বীন ইসলাম (৩৮) এবং ঢাকার রমনা থানার বড় মগবাজার এলাকার শুকুর শেখের ছেলে ফুল মিয়া (৪২)।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত নূর ইসলামের ছেলে মো. আরিফ (২৯) এবং শহরের মাদার মোল্লা বলিরঘাট এলাকার এমদাদুল হকের ছেলে ফরহাদ হোসেন ওরফে শোভন (২৯)।
পুলিশ সুপার বলেন, ‘গত বুধবার রাত সাড়ে ১২ টায় জলিল চত্বর চেকপোস্টে বগুড়া থেকে রাজশাহী অভিমুখী একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের কাছ থেকে ডেমো পিস্তল, শর্টগান, হ্যান্ডকাফ এবং ডিএমপি এবং ডিবি পুলিশের পোশাক পাওয়া যায়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মান্দা থানার গোবিন্দপুর এলাকায় শুটিংয়ের জন্য যাচ্ছেন বলে পুলিশকে জানায়।
কিন্তু তারা কোথায় থাকবেন, কী শুটিং করবেন এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে তাদের মোবাইল তল্লাশি করলে একটি জিডির কপি পাওয়া যায়। পুলিশ আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তখন তারা বলে তাদের কর্মচারী সোহেল রানা নওগাঁর মান্দা থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা। সে তাদের একটি প্রতিষ্ঠান থেকে অর্থ এবং ডকুমেন্টস আত্মসাৎ করে পালিয়ে এসেছেন। সোহেল রানা, তার পিতা এবং মাতার নামে তারা ঢাকার সিএমএম আদালতে একটি মামলা হয়েছে। সেই মামলা তদন্ত করার জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন। ওই মামালায় সোহেল রানা এবং তার পিতা-মাতাকে পুলিশের পোশাক এবং শর্টগান নিয়ে অপহরণ করার উদ্দেশ্যে তার বাড়িতে যাচ্ছিলেন। তাদের ৪ জনের নামে নওগাঁ সদর থানায় অপহরণের মামলা করা হয়েছে।
পতাকানিউজ/এফকে/এসজিএন

