মানিকগঞ্জে নারী ও পুরুষসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ও সোমবার, ১৩ ও ১৪ অক্টোবর পৃথক ঘটনায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানায়, আজ দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে দরজা ভেঙে আবু হানিফ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু হানিফ কুমিল্লার চৌদ্দগ্রামের আবুল বসরের ছেলে। তিনি বিদেশে লোক পাঠানোর কাজ করতেন।
এছাড়া সদর উপজেলার জয়রা এলাকার মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে থেকে অজ্ঞাত পরিচয়ের মানসিক ভারসাম্যহীন মধ্য বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, নিহত হানিফের সাবেক স্ত্রী জরুরী সেবায় ফোনের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ ও বাড়ির মালিকসহ আশপাশের মানুষের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘিওর থানা পুলিশ জানায়, আজ সকালে ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের দেওভোগ এলাকা সোনা মিয়া (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়া ঘিওরের সিংজুরী ইউনিয়নের বেড়াভাঙ্গা এলাকার মৃত হযরত আলীর ছেলে।
ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, সোনা মিয়া তার বোনের জামাইয়ের বাড়িতে বেড়াতে যান এবং রবিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। এরপর সকাল বেলা বোনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোনা মিয়ার স্ত্রী জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় নিহত হন বলেও ওসি জানান।
অপরদিকে আজ সকালে সিংগাইর উপজেলায় বিষপানে নিহত রোজিনা (৩২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রোজিনা আক্তার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার আয়নাল মিয়ার স্ত্রী বলে জানায় পুলিশ।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শনক জেওএম তৌফিক আজম জানান, রবিবার রাতে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকার রোজিনা আক্তার বিষপান করেন এবং গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে সাটুরিয়ায় উপজেলায় একটি কারখানায় কাজ করার সময় ড্রামচাপায় রাসেল মাহমুদ (৩৫) এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রাসেল মাহমুদ জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় শ্রমিকের কাজ করতেন।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, রবিবার ইনসেপ্টা ফার্মিসিউক্যাল কারখানায় কাজ করার সময় শ্রমিক রাসেল মাহমুদের ওপর ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে। এতে রাসেল মাহমুদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
পতাকানিউজ/জেএইচসি/আরবি

