নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের সহায়তায় পালিয়ে এসেছে ৩১ জন রোহিঙ্গা। ৬১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ওই দালাল চক্র তাদের নৌকা করে সেখান থেকে পাঠিয়ে দেয়। আনোয়ারা উপজেলার টানেল সার্ভিস এরিয়া বড়শত ইউনিয়ন দুধকুমরা পারকি সমুদ্র সৈকতে নৌকা থেকে নামে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে খবর দেয়।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর দুপুর ২টায় আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম ওয়ারেন্ট কর্মকর্তা গানার আল আমিনের নেতৃত্বে তাদের আটক করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয়দের দেয়া তথ্যে ৩১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৪ জন প্রাপ্তবয়স্ক ও ১৭ জন অপ্রাপ্তবয়স্ক। ১৪ জন প্রাপ্তবয়স্ক হলেন, মো. আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মো. করিম (৩০), মো. হোসেন (২৫) ও হুজাইফা (২৬)। এছাড়া রয়েছে- আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮) ও শহিদা (২৩)।
আটকদের বরাতে জানানো হয়, বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরের বাংলাদেশি নাগরিকদের মাঝে মিশে যাওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য।
আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী ঊর্ধ্বতন সদর দপ্তরের সাথে সমন্বয়পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পতাকানিউজ/আরএস/এএইচ

