২০১৩ সালে রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় করা পৃথক দুটি নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ৪৫ জন নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার, ১৭ ডিসেম্বর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এদিন মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা দুটির দায় থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
মির্জা আব্বাস ও আমানউল্লাহ আমানের আইনজীবী অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালে মালিবাগ মোড়ে অবৈধ সমাবেশ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশ এসব মামলা দায়ের করে। ওই সময় মামলাগুলোতে মির্জা আব্বাসসহ একাধিক বিএনপি নেতা-কর্মী কারাবন্দি ছিলেন।
এই দুটি মামলায় মোট ৪৯ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। বিএনপি নেতা মওদুদ আহমেদও মামলার আসামি ছিলেন, তবে তার মৃত্যুর কারণে বিচার কার্যক্রম থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। ফলে অবশিষ্ট ৪৫ জন আসামিকেই আদালত অব্যাহতি দেন।
পতাকানিউজ/এআই

