কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে নাশকতা প্রতিরোধে শহরজুড়ে মোটরসাইকেল শোডাউন করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে মুরাদপুর থেকে শুরু করে জিইসি মোড় প্রদক্ষিণ করে এই শোডাউন।
সরেজমিনে দেখা গেছে, ৫০টির বেশি মোটরসাইকেল মহানগরের মুরাদপুর থেকে শোডাউন শুরু করে। এরপর এটি মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোডাউনে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজীর হোসেন জুয়েল, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
তানজীর হোসেন জুয়েল বলেন, ‘চট্টগ্রামের জনগণের জানমাল রক্ষায় আমরা শান্তিপূর্ণভাবে মাঠে রয়েছি। নিষিদ্ধ আওয়ামী লীগ মহানগরীতে অরাজকতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমরা তা প্রতিহত করবো। ছাত্রশিবির সবসময় জনগণের পাশে থেকে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
জনগণের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রশিবিরের এই কার্যক্রম দিনব্যাপী অব্যাহত থাকবে। এছাড়াও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানায় সংগঠনটি।
পতাকানিউজ/আরএস/এমওয়াই

