পাবনায় নিখোঁজ গরু ব্যবসায়ী কুদ্দুস আলী শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার, ১৯ এপ্রিল সকালে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামে বাড়ির পাশের পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এর আগে শনিবার, ১৯ এপ্রিল রাত থেকে নিখোঁজ ব্যবসায়ী কুদ্দুস আলী শেখ।
নিহত কুদ্দুস আলী শেখ (৫৫) পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাসিমপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরত আলী শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস আলী গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার, ১৮ এপ্রিল বিকেলে কুদ্দুসসহ তার কয়েক বন্ধু এলাকার একটি ভুট্টা খেতের ভেতর জুয়া খেলছিল। ওই সময় কেউ একজন মুঠোফোনে তাদের বলে পুলিশ যাচ্ছে। এমন খবরে সবাই সেই আসর থেকে দৌঁড়ে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী মাহমুদা অক্তার জানান, রাতে তার স্বামী কুদ্দুস আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি। আজ সকালে ভুট্টা খেতের পাশে পুকুরপাড়ে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরের কয়েকটি স্থানে পোড়া দাগ ছিল বলে দাবি স্ত্রীর।
এ বিষয়ে পাবনা সদর থানার পরিদর্শক (এস আই) ফাহাদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
পতাকানিউজ/এমএসআর/আরবি

