ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ওমর শেখ (৩০) উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। তিনি নসিমন গাড়ি চালক ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ ও পরিবারের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যার পর তাকে ফেলে রেখে গেছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মরদেহে ধারালো অস্ত্র ও আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থায় আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
পতাকানিউজ/এআর/আরবি

