নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন না পেয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক রহমান।
মঙ্গলবার, ৪ নভেম্বর বিকেলে তিনি নির্বাচন ভবনের প্রধান ফটকে বসে অনশন শুরু করেন।
জানা গেছে, ইসি সচিব আখতার আহমেদ বিকেল ৩টায় নতুন ৩টি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত জানানোর পরপরই এই ঘটনাটি ঘটে। সিদ্ধান্ত ঘোষণার সময় উপস্থিত তারেক রহমান জানান, নিবন্ধন না পাওয়ায় তিনি গভীরভাবে হতাশ। ব্রিফিং শেষে ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। পরে ভবনের সামনে গিয়ে অনশনে বসে পড়েন।
তারেক বলেন, আমরা বছরের পর বছর রাজনীতি করছি, কিন্তু কেন নিবন্ধন দিচ্ছে না, এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা ইসি দিতে পারছে না।
এর আগে এক ফেসবুক পোস্টে তারেক অভিযোগ করেন, ৪৩ লাখ মানুষের টাকা লুট করে এক মাস আগে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি-২০০০–এর কর্ণধার রফিকুল আমিনের দল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’। অথচ আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, তবুও নিবন্ধন পাইনি। রাজনীতি কি শুধু বুর্জোয়াদের জন্য?
তিনি আরও লেখেন, নিবন্ধনের ঘোষণা নয়, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। নাহলে এই অন্যায়ের প্রতিবাদে আমার অনশন মৃত্যুর দিকেই যাবে।
ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি, এই তিনটি দলকে নিবন্ধন দেয়ার ঘোষণা দিয়েছেন। এসব দলের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করা হবে। কোনো আপত্তি না থাকলে বা আপত্তি নিষ্পত্তির পর ইসি চূড়ান্তভাবে নিবন্ধন সনদ প্রদান করবে।
বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন, আর বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।
পতাকানিউজ/এআই

