পিরোজপুরে সশস্ত্র হামলায় বিএনপির এক নেতা ও তাঁর ভাতিজা গুরুতর জখম হয়েছেন। রোববার মধ্যরাতে জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির (নাসির মল্লিক) এবং তাঁর ভাইয়ের ছেলে রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। নাসির মল্লিক সদর উপজেলার শংকরপাশা গ্রামের মোদাহার মল্লিকের ছেলে। রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর বাবার নাম শাহজাহান মল্লিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে পিরোজপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান শেখ রুবেল দাবি করেন, “নাসির মল্লিককে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে। নির্বাচনের পর এ ধরনের ঘটনা নির্বাচনী সহিংসতারই বহিঃপ্রকাশ।”
– পতাকানিউজ

