সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে বিশেষ সাংবিধানিক আদেশ জারির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণঅভ্যুত্থান বা জনগণের ক্ষমতা সাংবিধানিকভাবে সুরক্ষিত করতে হলে এই আদেশ অপরিহার্য।
শিশির মনির প্রশ্ন তুলেছেন, যদি বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হয়, তাহলে কোন আইনের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আয়োজন করবে।
তিনি আরও লিখেছেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হয়ে এই আদেশ জারি করতে হবে। বিশেষ আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করলে, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংকটে পড়বে। “যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলা হচ্ছে—এর আইনি ভিত্তি কোথায়? কোন আইনে নির্বাচন হবে?” প্রশ্ন করেন তিনি।
শিশির মনির স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২৪ সালের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়েছিল। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছেন।
আইন বিশেষজ্ঞদের মধ্যে কেউ কেউ আপিল বিভাগের এই মতকে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা হিসেবে গণ্য করেন। তবে অ্যাডভোকেট শিশির মনিরের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়; এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই জনগণের ক্ষমতাকে সংবিধান সম্মত ও আইনি স্বীকৃতি দিতে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা অত্যাবশ্যক।
পতাকানিউজ/এনটি

