জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার, ৭ নভেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। এটা নির্বাচনের প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, বিএনপি স্পষ্ট করে জানিয়েছে, গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট একসঙ্গে আয়োজন করলে খরচও কমবে, সময়ও বাঁচবে।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তা না হলে দেশের জনগণ সেটি মেনে নেবে না।
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পতাকানিউজ/এআই

