গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী জাতীয় নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগে এগুলো উদ্ধার করা হবে। এ কাজে রাজনৈতিক দলগুলোকে মূল ভূমিকা রাখতে হবে।’
সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, বিভ্রান্তি দূর হবে। আমরা চাই নিরপেক্ষভাবে সব তথ্য আসুক। রাজনৈতিক দলগুলো ভোটের জন্য মাঠে থাকবে, আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা।’
জুলাইয়ের গণঅভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলোর অগ্রগতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘অনেক মামলার তদন্ত এগিয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হচ্ছে।’
এর আগে, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। সেখানে সাংবাদিকদের তিনি জানান, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে, এ তথ্য সঠিক। তবে সাম্প্রতিক সময়ে পুশইনের সংখ্যা কিছুটা কমেছে।’
পুশইন হওয়া নাগরিকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের অবশ্যই নিতে হবে, তা ১০ কিংবা ২০ বছর পর হলেও। তবে রোহিঙ্গাদের যেভাবে পুশইন করা হচ্ছে, তা আমরা গ্রহণ করছি না, তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে ভারতের আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং তাতে কিছুটা ফলও মিলছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনাও তুলে ধরেন। বলেন, ‘চারজনকে শনাক্ত করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার ও ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত টিম কাজ করছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। কেউ অবহেলা করলে তাকেও শাস্তির মুখে পড়তে হবে।’
এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এনটি

