আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন এক জোটের যাত্রা শুরু হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই চারটি দলকে নিয়ে জোটের কাঠামো প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অথবা আগামীকাল শুক্রবার (২৮ নভেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
দলগুলোর দায়িত্বশীল নেতাদের মতে, জোট গঠনের আলোচনা দীর্ঘদিন ধরে চলমান। গণঅধিকার পরিষদ ও জেএসডির সঙ্গে কথাবার্তা ইতিবাচকভাবে এগোচ্ছে। তারা যুক্ত হলে জোটটি ছয়-দলীয় রূপ পাবে। শুধু নির্বাচনের জন্য নয়, বরং জুলাই সনদের আদর্শ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে জোটটি দীর্ঘমেয়াদে একটি নীতিভিত্তিক চাপসৃষ্টি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়। পাশাপাশি জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশ নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এবি পার্টি, আপ বাংলাদেশ ও রাষ্ট্র সংস্কারের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
অন্যদিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান হাসনাত কাইয়ুমের বক্তব্য উদ্ধৃত করে কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, আজ বেলা ১১টায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে পারে।
জোট গঠনের আলোচনার সূত্রপাত গত ৯ নভেম্বর, যখন এনসিপির নির্বাহী কমিটি দলটির ভবিষ্যৎ কৌশল নিয়ে ছয় ঘণ্টার বৈঠক করে। বেশিরভাগ নেতা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন। যদিও এবি পার্টি ও গণঅধিকার পরিষদের মতো সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে তৃতীয় একটি ফ্রন্ট তৈরির প্রস্তাবও উঠে আসে।
নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো বলছে, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছে। দীর্ঘ আলোচনার পর তারা এখন যৌথভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থান ও সংস্কারের দাবি–দাওয়াকে কেন্দ্র করে নির্বাচন–পূর্ব ও পরবর্তী সময়ে একটি সহায়ক রাজনৈতিক মঞ্চ তৈরি করাই তাদের লক্ষ্য।
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, চারটি দলের মধ্যে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপির সঙ্গে মতৈক্য তৈরি হয়েছে। আরও কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলছে, তবে চার দলের সমঝোতা প্রায় নিশ্চিত।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, অচিরেই বিএনপি–জামায়াত জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে নতুন একটি অ্যালায়েন্স সামনে আসবে। জোটের লক্ষ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন এবং সংস্কার ও সুশাসন নিশ্চিত করা।
এর আগে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ২৩ নভেম্বর ফেনীতে এক অনুষ্ঠানে জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কয়েক দিনের মধ্যেই নতুন জোট গঠনের ঘোষণা আসবে। জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোকেই এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
পতাকানিউজ/এনটি

