দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ পুলিশের ব্যাপক প্রস্তুতি চলছে। পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে এ পর্যন্ত ৪৮ হাজার ১৩৪ জন পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
প্রশিক্ষণের লক্ষ্য, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের আরও দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে তোলা।
জানা গেছে, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কোর্স। এরপর থেকে সারা দেশের পুলিশ সদস্যদের ধাপে ধাপে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে।
পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আসন্ন সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষিত হবে বলেও জানিয়েছে সদর দপ্তর।
আরও জানা গেছে, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) নির্বাচনী প্রশিক্ষণ তদারকির জন্য সব ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয়ভাবে হেডকোয়ার্টার্স থেকে প্রশিক্ষণ কার্যক্রম মনিটর করা হচ্ছে।
রবিবার, ২ নভেম্বর রাজশাহী ও বগুড়া সফরে গিয়ে মাঠপর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন আইজিপি। প্রশিক্ষণার্থী সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এমন উদ্যোগ প্রথমবার
জাতীয় নির্বাচনের আগে পুলিশের জন্য এমন বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এবারই প্রথম। গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বাংলাদেশ পুলিশ বলছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
পতাকানিউজ/এআই

