আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যানুযায়ী, নির্বাচনে অংশ নিতে মোট ৫১টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।
তিনি বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল ৩ হাজার ৩০৭টি। তবে মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও কোন কোন দল মনোনয়ন জমা দেয়নি, সে বিষয়ে নির্দিষ্ট তালিকা দিতে পারেনি কমিশন।
ইসির হিসাব অনুযায়ী, বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।
ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/এআই

