বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বুধবার, ২৮ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আজ সকাল ১১টা ৫০ মিনিটে শুরু হয় এ বৈঠক। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয়। নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন কেবল বাংলাদেশের জনগণ। জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আমি বেশ আগ্রহী। আমি নির্বাচনের দিনটির দিকে তাকিয়ে আছি এবং এর ফলাফল দেখার অপেক্ষায় আছি।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত অবহিত করেছেন। এ তথ্যগুলো নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।
রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি জানতে পারেন যে, নির্বাচনকে উৎসবমুখর দিনে পরিণত করার প্রত্যাশা রয়েছে। আমিও আশা করি, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারবে।
পতাকানিউজ/আরবি

