নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার এবং নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে।
সোমবার, ২৪ নভেম্বর সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ নৌবাহিনী। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট পাঠানো হচ্ছে নিয়মিত। ১৯৯৩ সাল থেকে এখন পর্যন্ত নৌবাহিনীর ৭৫০০ জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষা মিশনে কাজ করতে গিয়ে নৌবাহিনীর ৪ জন সদস্য শাহাদাত বরণ করেছেন, যা দেশের জন্য গর্বের।’
নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে ‘নৌপ্রধান পদক’ পান। দ্বিতীয় স্থান অধিকার করে মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জন করে মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।
জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নেন।
অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নতুন নাবিক এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/ইএইচএস/এমওয়াই

