জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতেই হবে—এ কথাই স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরে শহীদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও জেলা ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই।
শফিকুল আলম বলেন, ‘নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে।’
তিনি আরও বলেন, ‘পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুত এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের মহোৎসব দেখতে পাবেন সবাই। যারা অংশ নেবেন, তারা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। তখন সত্যিকার অর্থে নির্বাচনের আমেজ গড়ে উঠবে এবং সব সন্দেহ দূর হবে।’
প্রেস সচিব শহীদদের কথাও স্মরণ করেন। তিনি জানান, জুলাই-আগস্টে মাগুরায় মোট ১০ জন শহীদ হয়েছেন। ছাত্রদলের স্থানীয় নেতা মেহেদী হাসান রাব্বি আওয়ামী লীগ-যুবলীগের খুনি বাহিনীর হাতে নিহত হন। শফিকুল আলম তার কবরের পাশে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই এলাকার আল আমিন নামের একজন ব্যবসায়ীকেও ঢাকায় গুলি করে হত্যা করা হয়েছে। তার কবর মাগুরা উপকণ্ঠে, সেখানে ও তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। প্রেস সচিবের ভাষ্য, এই শহীদদের আত্মদান আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছে।
সংস্কারের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে আলোচনা চলছে। সংস্কারের কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে। এটি দৃশ্যমান।’
পতাকানিউজ/এনটি

