কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে করা লিভ টু আপিলে খারিজ করা হয়েছে। এতে মুন্সী নির্বাচন করতে পারবেন না। এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
রবিবার, ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
কুমিল্লা–৪ আসনে মনোনয়নপত্র বাছাইতে প্রথমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ১৭ জানুয়ারি শুনানি শেষে ইসি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে। এরপর মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। সেই ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
২১ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
কুমিল্লা–৪ আসনে হাসনাত আবদুল্লাহ ছাড়াও মাঠে রয়েছেন আরও চার প্রার্থী। তারা হলেন—ইনসানিয়াত বিপ্লবের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন।
পতাকানিউজ/আরবি

