আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে অভিযান জোরদার করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। শনিবার, ১৭ জানুয়ারি নগরীর কাজির দেউড়ি মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে কোন অস্ত্র ও সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
সরেজমিন দেখা গেছে, বেশকিছু প্রাইভেটকার, সিএনজিচালিত অটোকরিশা ও মোটরসাইকেল আরোহীদের তল্লাশি এবং কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ বিষয়ে অভিযানে থাকা কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দীন পতাকানিউজকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রম করতে না পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ও যৌথবাহিনীর সমন্বয়ে আকষ্মিকভাবে বিভিন্ন জায়গায় ও টার্নিং পয়েন্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযাান পরিচালনা করছি। গত ১০ দিন আমাদের এ অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে অভিযানে আমরা অস্ত্রসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে ওসি বলেন, ‘গত ১০ দিন যাবত বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার) রাতেও অভিযান পরিচালনা করে বেশকিছু সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছি। যাদের গ্রেপ্তার করেছি তাদের প্রত্যেকের নামে অস্ত্র মামলা আছে।’ নির্বাচন পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
সেনাবাহিনীর কর্মকর্তা মো. কামাল বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া হয় এবং যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে নগরীর কাজির দেউড়ি মোড়ে একটি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।’ চেকপোস্টের পাশাপাশি নিয়মিত অভিযানও পরিচালনা করা হবে বলে জানান তিনি।
পতাকানিউজ/আরবি

