সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার, ৮ ফেব্রুয়ারি ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) নির্ধারিত তারিখেই শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায় অপপ্রচারে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছে ইসি।
প্রসঙ্গত, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
পতাকানিউজ/আরবি

