নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততোই ফুটবল ভক্তদের নজর পড়ছে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড়ের দিকে।
৩৪ বছর বয়সী এই তারকা গত কয়েক বছর ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন। সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বর মাসে বা হাঁটুতে চোট পেয়ে আবারো মাঠের বাইরে যান তিনি। ফলে মার্চের আন্তর্জাতিক উইন্ডোতে ব্রাজিল দলে মেলেনি জায়গা।
হাটুর অস্ত্রোপচারের পর ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে ফিরেছেন নেইমার। সান্তোসের হয়ে সীমিত সময়ে দারুণ খেলেছেন। ৭ ম্যাচে ইতিমধ্যে ৩ গোল এবং ৩ অ্যাসিস্ট। সর্বমোট ৬ গোল কন্ট্রিবিউশন ৫০০ মিনিটেরও কম সময়ে। গড়ে ম্যাচ রেটিং রেখেছেন ৭ দশমিক ৫ এর উপরে, পুরনো জাদুর ঝলক নিঃসন্দেহে। দেখা গেছে ব্রাজিলিয়ান তারার পায়ে নিখুঁত অ্যাসিস্ট, ক্লিনিক্যাল ফিনিশিং আর সেই চিরচেনা ড্রিবলিং।
ফরাসি সংবাদপত্র লে’কিপকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে আশাবাদী আপডেট দিয়েছেন। আনচেলত্তি বলেছেন, ‘সে সঠিক পথে আছে। নেইমার আবার সান্তোসের হয়ে দারুন করছে এবং ভালোভাবে রিকভার করছে। কিন্তু আমি শুধুমাত্র সেই খেলোয়াড়দের বিশ্বকাপে ডাকব যারা শারীরিকভাবে ১০০ ভাগ প্রস্তুত।’
কোচ আরও বলেন, ‘নেইমারের কাছে মে মাসের মাঝামাঝি পর্যন্ত এখনও প্রায় দুই মাস সময় আছে। যাতে সে তার ফিটনেস ঠিক করে স্কোয়াডে জায়গা করে নিতে পারে।’
মার্চ মাসের আন্তর্জাতিক বিরতিতে নেইমার বা হাঁটুতে রিজেনারেটিভ পিআরপি প্রসিডিওর করিয়েছেন। সান্তোসের কোচ কুকা জানিয়েছেন, ‘প্রথম ৪-৫ দিন রিকভারিতে কাটিয়ে চলতি সপ্তাহে তিনি কঠোর পরিশ্রম করছেন। পরবর্তী আন্তর্জাতিক বিরতি পর্যন্ত বাকি থাকা আর ১৩টি ম্যাচে খেলার জন্য তিনি তৈরি হয়ে উঠবেন। আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে তার এনার্জি লেভেল নিয়ে কাজ করেছি যাতে বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাওয়া যায়।’
বিশ্বকাপের টিকেট পেতে নেইমারের ক্লাব ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার লিগ্যাসি ইতিমধ্যে ব্রাজিলের সর্বকালের সেরাদের সারিতে তাকে স্থান দিয়েছে। তিনি সেলেসাঁও-এর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ৭৯টি আন্তর্জাতিক গোল নিয়ে। বিশ্বকাপের এ পর্যন্ত তিনটি আসরে ১৩ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এই তারকা।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে সরাসরি গোল কন্ট্রিবিউশনে তার চেয়ে এগিয়ে আছেন মাত্র তিনজন। রোনাল্ডো নাজারিও (১৯), পেলে (১৮) এবং জাইরজিনহো (১২)।
ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে গ্রুপ সি-তে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে খেলবে। আর টুর্নামেন্টের আগে পানামা ও মিশরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। আনচেলত্তির মতে দলের দরজা এখনও খোলা আছে। কিন্তু শুধুমাত্র পুরোপুরি ফিট নেইমারের জন্য।
হলুদ জার্সিতে বিশ্ব আরেকবার এই জাদুকরের শেষ নাচ দেখবে কি না, তা পরের কয়েক সপ্তাহের ক্লাব ফুটবলে নেইমারের পারফরম্যান্স নির্ধারিত করে দেবে।
-পতাকানিউজ

