যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের জন্য আয়োজন করা নৈশভোজের সময় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর সেখান থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।
বিবিসি এক নিরাপত্তাকর্মীর বরাতে খবরে জানায়, সাত থেকে আটটি গুলি ছোড়া হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন নাকি তাকে হেফাজতে নেয়া হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানা যায়নি।
প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।
পরে ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
হোয়াইট হাউসের একজন সহকারী জানিয়েছেন, ট্রাম্প নিরাপদে আছেন। রয়টার্সের হয়ে কাজ করা একজন আলোকচিত্রী হোটেলের ভেতর চার থেকে ছয়টি বিকট শব্দ শুনতে পান। তবে তা নৈশভোজের স্থানের খুব কাছে ছিল না বলে জানিয়েছেন তিনি।
ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এসময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।
পতাকানিউজ/আরবি

