নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার, ৪ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানান, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৬ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ।
কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। সব মিলিয়ে মোট ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি দুইটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
পতাকানিউজ/এইচএএ/এএইচ/এমওয়াই

