নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালীতে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন। রবিবার, ২৮ ডিসেম্বর সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে গতকাল শনিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ৭২ জন প্রার্থী। এর মধ্যে, নোয়াখালী-১ আসনে ১০ জন, নোয়াখালী-২ আসনে ১৪ জন, নোয়াখালী-৩ আসনে ১০ জন, নোয়াখালী-৪ আসনে ৯ জন, নোয়াখালী-৫ আসনে ১৭ জন এবং নোয়াখালী-৬ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রতিটি আসনেই বিএনপির প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোনয়নপত্র জমা দেয়া শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ একটি জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দলের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ও বিদ্যমান আইন মেনে চলছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, আমি এই আসন থেকে মানুষের ভালবাসা নিয়ে পাঁচবার মহান সংসদে গিয়েছি। আগামীতেও জনগণের রায়ে নির্বাচিত হয়ে সেনবাগ ও সোনাইমুড়ীর উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব। দলের ঘোষিত কেন্দ্রীয় ইশতেহারের পাশাপাশি সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের স্থানীয় সমস্যা, জনআকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে পৃথকভাবে আসনভিত্তিক ইশতেহার দেয়ার পরিকল্পনা রয়েছে, যাতে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা যায়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, নোয়াখালী-২ আসনে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে জয়নুল আবদিন ফারুক প্রথম মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ পাবেন। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
পতাকানিউজ/এইচএএ/কেএস

