সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরে নৌকা ডুবে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
রবিবার, ২ আগস্ট সকালে উপজেলার মইয়ার হাওরের রোয়ারকারা নামক স্থানে বাকি দুই জনের ভাসমান মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন- জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩৭) ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।

এর আগে শনিবার, ১ আগস্ট একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫) ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের (৪৫) মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টায় পূর্ব ভবানীপুর এলাকার ৯ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে যান। সেখান থেকে রাত সাড়ে ৩টায় ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীর উঠলেও ৪ জন নিখোঁজ হন। শনিবার দিনব্যাপি সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
পতাকানিউজ/এডি/আরবি

