পটুয়াখালীর ঝাউতলায় ‘জুলাই ৩৬’ আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়।
জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, ‘শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখবো। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।’
ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ‘রাতে কে বা কারা এসে আগুন দেয়ার চেষ্টা করেছে বুঝতে পারছি না। সকালে এসে কালো দাগ দেখে আমরা হতবাক হয়ে যাই।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।’
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দায়ীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
পতাকানিউজ/আইএইচএস/এএইচ

