বছরের প্রথম দিনে শপথ নিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। বৃহস্পতিবার, ১ জানুয়ারি পবিত্র কোরআন হাতে শপথ নেন নিউইয়ের্কর প্রথম মুসলিম মেয়র। এর মধ্যদিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোনো মেয়র পবিত্র এই ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিলেন।
মামদানির একজন রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের পরিচালনায় শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শপথের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি সত্যিই সম্মানের।’
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন তিনি। মামদানি শহরটির প্রথম মুসলিম।
খবরে বলা হয়েছে, ৩৪ বছর বয়সি মামদানি আজ বৃহস্পতিবার নিউইয়র্ক সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রমা দুয়াজিও। এর মধ্যদিয়ে নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় ও আফ্রিকা–বংশোদ্ভূত প্রথম মেয়র হলেন মামদানি।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠীই মুসলিম। তাদের সেই প্রাণবন্ত উপস্থিতির প্রতিফলন ঘটাতেই পবিত্র কোরআন হাতে মেয়রের শপথ নেন মামদানি। শপথের জন্য পবিত্র কোরআনের বহু একটি পুরনো কপি নির্বাচন করতে তার স্ত্রী রমা দুওয়াজিকে সহায়তা করেন একজন গবেষক।
এর আগে নিউইয়র্কের মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। তবে ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিতে জোর দিলেও জোহরান মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে সব সময়ই সোচ্চার ছিলেন। বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মধ্যদিয়ে মুসলিমদের শক্তিশালী সমর্থন আদায় করে নেন তিনি। তার এই মুসলিম সমর্থকদের বড় অংশই প্রথমবারের মতো ভোট দেয়া দক্ষিণ এশীয়।
পতাকানিউজ/কেএস

