বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান পরিবারসহ আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নিয়েছেন। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সরকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন।
সূত্র মতে, প্রয়োজনীয় বুকিং প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি। এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘আমরা তারেক রহমানের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।’
লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বিজি ২০২ ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর বেলা ১২টায় ঢাকার মাটিতে পা রাখতে পারেন তিনি।
এদিকে বিএনপির পক্ষ থেকেও দেশে তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে প্রস্তুতি চলছে। দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কর্মসূচি ও শৃঙ্খলাবিধি নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে বিমানবন্দর ও রাজধানীতে সম্ভাব্য নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নেয়া হচ্ছে।
পতাকানিউজ/কেএস

