রাজধানীর পুরান পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- ঢাকা নগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মোস্তফা সরদার, ঢাকার ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রাজীব, মো. রাশেদ, মো. সেলিম মিয়া, আব্দুস সামাদ রনি, মো. মমিন হাওলাদার, মো. এ জিহাদ, মহিউদ্দিন, মো. রাহাদ, রাতুল, মো. মারুফ, মো. রায়হান সানি, মো. আপন ও নাজমুল হাসান হৃদয়।
মঙ্গলবার দুপুরের পর আসামিদের আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মিরাজুল ইসলাম প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে পুরান পল্টনে আজাদ প্রোডাক্টসের সামনের সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১৫ জনকে আটক করা হয়। পরে তাঁদেরসহ মোট ১২০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পল্টন থানা পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে পুরান পল্টনের আজাদ প্রোডাক্টস গলির মুখে সমবেত হয়ে বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালানোর চেষ্টা করেন। এ সময় ১৫ জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগানের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।
মামলার অন্য পলাতক আসামিদের শনাক্ত করা, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ, অর্থের জোগানদাতাদের চিহ্নিত করা এবং নাশকতায় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
পতাকানিউজ/এএ

