রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মিরপুর-১১ এলাকায় এই অভিযান চালানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে মিরপুর-১১-এর ব্লক ‘সি’ এলাকায় অবস্থিত পুরোনো সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
অভিযানে তিনটি রিভলভার ছাড়াও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র সেখানে গোপনে মজুত করে রেখেছিল। উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো সেখানে রেখেছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পতাকানিউজ/এআই

