বগুড়ায় পল্লী চিকিৎসক হয়ে চক্ষু বিশেষজ্ঞ সেজে রোগী দেখার অপরাধে লাখ টাকা জরিমানা করা হয়েছে এমকেএ সাকিদার নামের এক চিকিৎসককে।
রবিবার, ৩ মে বিকেলে বগুড়ার শহরের সূত্রাপুর এলাকায় (আজাদ পাম্পের পাশে) জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।
অভিযানে দেখা যায়, এমকেএ সাকিদার যিনি একজন পল্লী চিকিৎসক। তিনি প্রায় তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখে আসছিলেন। নিজের নামের পূর্বে ডাক্তার শব্দ সংযোজন করে সেবা গ্রহীতাদেরকে প্রতারিত করে আসছিলেন।।
এছাড়াও মোহাম্মদ আলী হাসপাতালে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজের ভুয়া চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসেন।
এসময় উপস্থিত কয়েকজন রোগী জানান, দালালরা রোগীদের সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে এখানে নিয়ে আসেন।
অভিযানে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি নিজের সব অপরাধ এবং ভুল স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের প্রতারণার আশ্রয় নেবেন না মর্মে অঙ্গীকার করেন। এসব অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পতাকানিউজ/পিএম/আরবি

