স্থানীয় দ্বন্দ্বের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুল হোসেন (৩০) নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে হামলার এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তার ছোট ভাই আব্দুল মোমিন আহত হয়েছে। তাদের বাড়ি স্থানীয় ছালাখুর গ্রামে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো: রায়হান (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাঁচবিবির ঢাকারপাড়া রাস্তার মোড়ে ইয়ানুল তার ভাইয়ের ওপর প্রতিপক্ষরা হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। পরে ইয়ানুলকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সবকিছু আমলে নিয়ে ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছে।
জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী রাব্বি জানান, জেলায় বর্তমানে যুবদলের কোন কমিটি নেই। তবে নিহত ইয়ানুল যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন থেকে দলের কাজ করছেন।
ওসি হাফিজ মো. রায়হান জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইয়ানুলের মৃত্যু হয়েছে। ঘটনার মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে। তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
-পতাকানিউজ/এসি/এসএমআর

