পাওনা টাকা চাওয়ায় খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সালাম খান হত্যা মামলায় প্রধান আসামি মো. ইকবাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। মঙ্গলবার, ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার অপর ৩ আসামি— জাহানারা বেগম, মো. বাছির মিয়া ও নজরুল মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়। হত্যাকাণ্ডের ১১ বছরের বেশি সময় পর এ রায় হলো। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল মিয়া জামিন নিয়ে পলাতক আছেন। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের আবীরপাড়ার সালাম খানকে ডেকে নিয়ে যায় ইকবাল। আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তাকে হত্যা করে পাশের একটি রাইস মিলের কাছে ফেলে রেখে যায়। এ ঘটনায় সালাম খানের ছেলে মো. ইমরান খান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আশুগঞ্জ থানা পুলিশ ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখর উদ্দিন আহম্মদ খান জানান, আসামি ইকবালের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সালাম খান। এই টাকা চাওয়ায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর ইকবাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

