পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার রাতে পাকিস্তানি বিমানবাহিনী আফগানিস্তানের খোস্ত প্রদেশে হামলা চালায়, তাতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তালেবান সরকার।
গত অক্টোবরে দু’দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। সর্বশেষ মঙ্গলবার বিকেলে পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়, যাদের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক। ওই হামলার পর রাতেই আফগানিস্তনে বিমান হামলা চালায় পাকিস্তান।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, হামলাকারীকে প্রতিহত করায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমাদের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে সুরক্ষা দেয়া আমাদের বৈধ অধিকার। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে তেহরিক-ই-তালেবান-টিটিপি তাদের বিরুদ্ধে হামলা চালায় এবং এতে আফগান তালেবানের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে। তবে তালেবান এ অভিযোগ সবসময়ই অস্বীকার করে আসছে।
২০২১ সালে ক্ষমতা দখলের পর তালেবান ও পাকিস্তানের সম্পর্ক প্রথমদিকে স্বাভাবিক ও উষ্ণ ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিটিপির খাইবার পাখতুনখাওয়ায় হামলার বৃদ্ধি এবং সীমান্তে সহিংসতা বাড়তে থাকায় দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। গত মাসেই দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পতাকানিউজ/এনএফএম

