পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার, ২৬ নভেম্বর গভীর রাতে শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। এতে আরও দুই পুলিশ সদস্য আহত হন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে সন্ত্রাসীরা চেকপোস্টটিকে লক্ষ্য করে আকস্মিকভাবে গুলি চালায়। এতে মুহূর্তেই দু’পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়, যা দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে।
জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) খান জেব খান জানান, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনায় যুক্ত হন।
এ হমালায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তারা হলেন- এলএইচসি ওহিদ শাহ এবং কনস্টেবল আবদুল সমাদ। নিহত আরেক পুলিশের পরিচয় এখনো জানা যায়নি।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি হামলাটিকে শান্তি বিঘ্নিত করার ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনা হিসেবে নিন্দা জানান। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। এমন হামলা আমাদের নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙতে পারবে না।’
তিনি আরও আশ্বাস দেন, হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে এবং নিহত ও আহতদের পরিবারের পাশে প্রাদেশিক সরকার সর্বাত্মকভাবে থাকবে।
পতাকানিউজ/এনএফএম

