যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল।
শনিবার, ১১ এপ্রিল সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।
তাদের রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে শুক্রবার, ১০ এপ্রিল মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল। তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইসলামাবাদ বিমানবন্দরে ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
সূত্র জানিয়েছে, আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপরই মূল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আজ বিকেলে বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এদিকে, শান্তি আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে হামলা আরও জোরদার করা হতে পারে।
পতাকানিউজ/আরবি

