পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা।
শনিবার, ১১ এপ্রিল স্থানীয় সময় বিকেল ৪টায় এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।
পাকিস্তানের কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাতে ডন লিখেছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষই ‘একই টেবিলে’ বসেছে।
এদিকে আলোচনা শুরুর আগে কাতার ও বিশ্বের অন্যান্য দেশের আটক রাখা ইরানের সম্পদ ছাড়তে রাজি হওয়ার তথ্য বার্তাসংস্থা রয়টার্সকে জানায় ইরানের এক কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
এদিকে আজ সকালে যুদ্ধবিরতির সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি।
তাদের রানওয়েতে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং দেশটির ফিল্ড মার্শাল আসিম মুনির।
এর আগে শুক্রবার, ১০ এপ্রিল মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল। তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এদিকে, শান্তি আলোচনা ব্যর্থ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, যদি কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব না হয়, তাহলে হামলা আরও জোরদার করা হতে পারে।
পতাকানিউজ/আরবি

