ভারতের সাথে ম্যাচে হাত না মেলানোর ঘটনার জেরে বুধবার আমিরাতের সাথে হতে যাওয়া ম্যাচে পাইক্রফটকে দায়িত্বে না রাখার দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। আর তা না হলে টুর্নামেন্ট বর্জনের হুমকিও দিয়েছিলেন পিসিবি। পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, এশিয়া কাপে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে আর দায়িত্ব দেয়া হবে না অ্যান্ডি পাইক্রফটকে।
এরআগে রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষে হাত না মেলানো নিয়ে পানি অনেক দূর গড়িয়েছে। ওই ম্যাচ শেষে পাকিস্তান দলের ম্যানেজার আইসিসির কাছে দেয়া আনুষ্ঠানিক অভিযোগে জানান, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় বলেছিলেন দুই অধিনায়ককে করমর্দন না করতে। যদি গতকাল আইসিসি জানিয়েছিল, এই অভিযোগের কোন ভিত্তি নেই।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের সাথে পাকিস্তানের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার ফোরে যেতে হলে এই খেলায় জিততে হবে সালমান আলী আগার দলকে। ম্যাচের আগের দিন দুবাইয়ে পাকিস্তান দল অনুশীলন করেছে। কিন্তু মঙ্গলবার তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনটি হয়নি।
এরপর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতি দিয়ে জানায়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তারা এশিয়া কাপ বর্জন করবেন কিনা। এরপরই খবর আসে, পাকিস্তানের ম্যাচগুলিতে দায়িত্বে রাখা হবে না পাইক্রফটকে।
পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার বুধবার জানায়, আমিরাতের সাথে ম্যাচে পাইক্রফটকে ম্যাচ রেফারি হিসেবে দেখা যাবে না। তার বদলে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন।
তবে আইসিসি এখন পর্যন্ত পাইক্রফটের বিষয়ে কিছু জানায়নি। এর আগে মঙ্গলবার ক্রিকবাজ জানায়, এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে পিসিবির অনুরোধ নাকচ করে দিয়েছে আইসিসি।
পাকিস্তান সুপার ফোরে উঠতে পারলে রবিবার, ২১ সেপ্টেম্বর আবার তারা মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দলের। পেহেলগাম হামলা ও এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের জেরে প্রথম ম্যাচের আগে থেকেই উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। গত রবিবার খেলার শুরুতে ও শেষে হাত না মেলানো নিয়ে যা হয়েছে তারপর আগামী রবিবারের ম্যাচ যে চরম উত্তেজনার জন্ম দিতে চলেছে তা একরকম নিশ্চিত করেই বলা যায়।
পতাকানিউজ/এসজিএন

